২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাদেশিক সরকার দাবিতে সমাবেশ করা হবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, প্রাদেশিক সরকার গঠনের দাবিতে শিগগিরই দেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 02:44 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

বগুড়া, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, প্রাদেশিক সরকার গঠনের দাবিতে শিগগিরই দেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ করা হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রংপুর যাবার পথে বগুড়ায় পর্যটন মোটেলে এরশাদ যাত্রাবিরতি করেন। সেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, তার অবর্তমানে দলের দায়িত্ব একজন যোগ্য লোককে দেওয়া হবে। যোগ্য লোকটি তার ছোট ভাই বর্তমান বিমান ও পর্যটন মন্ত্রী জি এম কাদের কি না, জানতে চাইলে এরশাদ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, "তা প্রেসিডিয়ামের সভায় নির্ধারিত হবে।" তবে আপাতত রংপুরে দলের সাংগঠনিক বিষয় দেখাশুনার দায়িত্ব কাদেরকে দেওয়া হয়েছে বলে তিনি জানান। জিএম কাদের, সাংসদ লে. কর্ণেল (অব.) আব্দুল কাদের খান, দলের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম ওমর, আলতাব আলী, সামছুল আলম তালুকদার, আব্দুস ছালাম বাবু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এরশাদ জানান, এতোদিন অসুস্থতার কারণে দলের কাজ দেখাশুনা করতে পারেননি। তবে এখন থেকে পুরোদমে দলীয় কর্মকান্ড শুরু করা হবে। আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার জন্য শক্তি সঞ্চয় করতে তিনি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৭ঘ.