ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ে কৃষকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) এবং বেসরকারি টিভি স্টেশন চ্যানেল আই।
বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা কলেজে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এতে এলাকার প্রায় দেড় হাজার কিষাণ-কিষাণি ও তাদের পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
জেবিএফএইচ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এই কার্যক্রমের আওতায় সোয়াইন-ফ্লু ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীর মাঝে 'এইচ১এন১' ভ্যাকসিন বিতরণ করা হয়। বিতরণের জন্য স্থানীয় প্রায় ২০০ জন স্বাস্থ্য কর্মীকেও এ ভ্যাকসিন দেওয়া হয়।
ঢাকা থেকে যাওয়া জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ৩০ জনের চিকিৎসক দল অসুস্থ কিষাণ-কিষাণিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। তাদেরকে ওষুধও দেওয়া হয়।
এছাড়া ৫০ জন ছাত্র-ছাত্রীকে 'কৃষিজীবির প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা' ও ২৫ জন কৃষককে 'কৃষকের পেশাগত স্বাস্থ্য বিষয়ক সতর্কতা ও সাবধানতা' শীর্ষক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা রাজশাহীতে এসে যেভাবে চিকিৎসাসেবা দিলেন তা রাজশাহীবাসীর জন্য এক বিরল ঘটনা।
চ্যানেল আই'র বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, কৃষকদের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় চ্যানেল আই ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের যৌথ উদ্যোগ কৃষকের জন্য স্বাস্থ্যসেবা সারা দেশে বিস্তৃত হচ্ছে। এর মাধ্যমে দেশের 'আসল নায়ক' কৃষকদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা হবে।
জেবিএফএইচ'র ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাঈম বলেন, 'কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম'-এর মধ্য দিয়ে রাজশাহীবাসীর কাছে তাদের দায়বদ্ধতা বাড়লো। এই উদ্যোগে সাড়া দিয়ে সবাই এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০২০ ঘ.
bdnews24