২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রের সিদ্ধান্তের দিকে চেয়ে চট্টগ্রাম বিএনপি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের তৎপরতা বেড়ে গেলেও তা দেখা যাচ্ছে না প্রধান বিরোধ দল বিএনপিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 10:38 AM

Updated : 24 Aug 2022, 09:24 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের তৎপরতা বেড়ে গেলেও তা দেখা যাচ্ছে না প্রধান বিরোধ দল বিএনপিতে। ভোলা-৩ আসনের উপনির্বাচনের পর বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। এই প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না- জানতে চাওয়া হলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে তাই আমরা অনুসরণ করবো।" কোন্দলের কারণে চট্টগ্রামে বিএনপির তৎপরতা কম থাকলেও নির্বাচন ঘিরে দল চাঙা হওয়ার আশা করছেন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু জানিয়েছেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা তার নেই। নোমান বলছেন, নেতা-কর্মীরা তাকে প্রার্থী দেখতে চাইলেও তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং সিনিয়র সহসভাপতি দস্তগীর চৌধুরীর নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হলেও তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। ফলে নির্বাচনকেন্দ্রিক তাদের কোনো তৎপরতা চোখে পড়ছে না। ১৭ জুন ভোটগ্রহণের দিন ঠিক করে মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এর আগে দুটি নির্বাচনে আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছে হারেন বিএনপির মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। মহিউদ্দিন এবারো প্রার্থী হতে চাচ্ছেন। নির্বাচনের বিষয়ে আমীর খসরু বলেন, নির্বাচনের জন্য তারা প্রস্তুত। কে প্রার্থী হচ্ছে- তা জানতে চাইলে তিনি বলেন, "দুই-একদিনের মধ্যে স্থানীয় পর্যায়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" কোন্দলের কথা স্বীকার করলেও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় দলে এ ধরনের সমস্যা থাকেই। নির্বাচন এলেই দ্বন্দ্ব ভুলে সবাই একত্রে কাজ করবে।" দলীয় প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, সে আশা করছেন আমীর খসরুও। বিএনপির নির্বাচনকেন্দ্রিক তৎপরতা না দেখার বিষয়টি তুলে ধরা হলে চট্টগ্রামের নেতা নোমান বলেন, "নির্বাচনের প্রস্তুতি এখন আর আগের মতো নিতে হয় না। জনগণ এখন অনেক বেশি সচেতন। নির্বাচন এলেই দল প্রস্তুত হয়ে যাবে।" প্রার্থী হবেন কি না- জানতে চাওয়া হলে সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, "আমি প্রার্থী হচ্ছি না। ভবিষ্যতে দলের নীতি নির্ধারক পর্যায় ও সংসদীয় রাজনীতিতে ভূমিকা রাখতে চাই।" তবে নোমান বলেন, "আমি নিজে প্রার্থী হওয়ার কথা চিন্তা করিনি। তবে বর্তমান মেয়রের কর্মকাণ্ডে অতিষ্ঠ জনগণ পরিবর্তন চায়। তাই স্থানীয় পর্যায়ে প্রার্থী হওয়ার জন্য চাপ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬০০ ঘ.