ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ জুন ভোট গ্রহণের দিন রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সেখানে একটি ওয়ার্ডে ই-ভোটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, যার মধ্য দেশে যন্ত্রের মাধ্যমে ভোটগ্রহণ চালু করতে যাচ্ছে তারা।
ভোলা-৩ আসনের উপনির্বাচনে না থাকলেও চট্টগ্রাম সিসিসি নির্বাচনের সময় ৬ কোম্পানি সৈন্য ছয় দিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওয়ার্ডগুলোর আগের সীমানা অনুযায়ীই এ নির্বাচন হচ্ছে বলে জানান তিনি।
২০০৫ সালের ৯ মে সিসিসি নির্বাচন হয়, মেয়াদ উত্তীর্ণ হবে এ বছরের ২৫ জুন। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী বিএনপির মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
সিসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের উপসচিব জেসমিন টুলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী এলাকায় ৯ থেকে ১৮ জুন পর্যন্ত ২ কোম্পানি বিডিআর এবং ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ৬ কোম্পানি সেনা মোতায়েন থাকবে।
নির্বাচনী এলাকায় ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ছয়টি থানা এলাকায় দুজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে একজন করে ইসি কর্মকর্তা নীরব পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন বলে সিইসি জানান।
তিনি জানান, ৫ অথবা ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রার্থী এবং প্রার্থীর পোলিং এজেন্টদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে জানিয়ে সিইসি বলেন, লিখিত আপত্তি ছাড়া কোনো পোলিং এজেন্ট কেন্দ্র থেকে বের হতে পারবেন না।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। সিসিসির নির্বাচনই মেয়াদ শেষ হওয়ার আগে হচ্ছে।
সিইসি বলেন, নির্বাচনী এলাকায় সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা ওই পদমর্যাদার কেউ প্রচারে অংশ নিতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিসিসির আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা থাকলেও আইনি জটিলতায় তা থেমে গেছে। ২০০৭ সালে ১৪ মে ডিসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
সিসিসি'র ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তা
বর্তমানে সিসিসির ওয়ার্ড সংখ্যা ৪১টি। এর মধ্যে সংরক্ষিত ১৪টি। সর্বশেষ তালিকায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৭ হাজার ৭৯০। মহিলা ভোটার ৮ লাখ ১৭ হাজার ১৬৫।
প্রস্তাবিত ভোট কেন্দ্র ৬৭৪টি; ভোট কক্ষ ৪ হাজার ৭৪৮টি। ভোটগ্রহণ কর্মকর্তা ১৪ হাজার ৯১৮ জন। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ৬৭৪ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৭৪৮ জন এবং পোলিং কর্মকর্তা ৯৪৯৬ জন। রিটার্নিং কর্মকর্তা একজন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সাতজন।
২০০৫ সালের সিসিসি নির্বাচনে ভোটার ছিলো ১১ লাখ ৩৭ হাজার ৩৬৮ জন। ভোট কেন্দ্র ছিলো ৫৭৭টি এবং কক্ষ ছিলো ৩২১১টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24