সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে জড়িত অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ নিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
তবে এখনো অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার দিবাগত রাতে নগরীর কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস রহমান জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর বিএনপির সাইফুরপন্থী নেতা হিসেবে পরিচিত চৌখিদেখি এলাকার এমদাদ হোসেন চৌধুরী (৪৭), জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইদুর রহমান হিরু (৩৫) ও উত্তর পীর মহল্লা এলাকার সেলিম মিয়া (৪০)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করা হয়।"
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আতাউর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে এমদাদ ও সেলিমকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালে ১৪ জনকে আটক করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে কোতয়ালি থানায় করা মামলায় এদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত একই মামলায় গ্রেপ্তার করা হয় আরো ৮ জনকে।
সিলেট নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির দুগ্র"পের সংঘর্ষে ১০ জন আহত হয়। এসময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24