২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১৯ মে আন্দোলনের কর্মসূচি দেবেন খালেদা'

ঢাকায় আগামী ১৯ মে'র মহাসমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 01:43 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আগামী ১৯ মে'র মহাসমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা আলমগীর। গত ৫ মে বিএনপির রাজশাহীর মহাসমাবেশমুখী গাড়িবহরে নাটোরের শিংড়ার কাছে ছাত্রলীগের হামলায় বগুড়ার শেরপুরের স্থানীয় নেতা জাকির হোসেন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ হয়। ওই হামলার প্রতিবাদে বগুড়ায় রোববার অর্ধদিবস হরতালও পালন করে বিএনপি। মুক্তাঙ্গনের সমাবেশে মীর্জা আলমগীর বলেন, "এ সরকার সবকিছুতে ব্যর্থ হয়েছে। তাদের প্রতি জনগণের আর আস্থা নেই। তাই এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগনের দুর্ভোগ বাড়বে। "সেজন্য ঢাকার মহাসমাবেশ থেকে খালেদা জিয়া দেশের মানুষকে মুক্তি দিতে আন্দোলনের কর্মসূচি দেবেন।" প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যুগ্ম মহাসচিব বলেন, "দমন-নির্যাতনের বিরুদ্ধে রোববার বগুড়ায় সফল হরতাল হয়েছে। সেখানকার জনসাধারণ আপনাকে 'না' বলে দিয়েছে। এরপরও সংশোধন না হলে ভবিষ্যতে সারাদেশের মানুষ সমুচিত জবাব দেবে।" ঢাকার মেয়র ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ১৯ মে'র মহাসমাবেশটি 'এ যাবতকালে সর্ববৃহৎ সমাবেশ' হবে বলে আশা প্রকাশ করেন। তিনি দলীয় নেতা-কর্মীদের পাড়ায়-পাড়ায় প্রস্তুতি সভা করার আহবান জানান। খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৮ ঘ.