ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার বিরুদ্ধে চাঁদপুরের আদালতে একটি মামলা হয়েছে।
কিশোরগঞ্জের আদালতেও এক ব্যক্তি একই অভিযোগ করেছেন। আদালত অভিযোগের বিষয়ে আদেশ দিতে দিন ধার্য করেছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ এপ্রিল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি বলেছেন, সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন খোদ আল্লাহতালা এলেও কিছুই করতে পারবে না।
ভোলা-৩ আসনে উপনির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবির প্রতিক্রিয়ায় সিইসি ওই বক্তব্য দেন।
একই অভিযোগে এর আগে ঢাকার আদালতেও একটি মামলার আরজি নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি, তবে তা খারিজ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেছেন সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ শেখ শাহ্ আলম। হাকিম মোজাম্মেল হক অভিযোগ আমলে নিয়ে পুলিশকে তা তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদির অভিযোগ, সিইসির বক্তব্য একদিকে শিরক (আল্লাহর সঙ্গে তুলনা) এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাতের শামিল।
বাদির আইনজীবী সলিম উল্যা সেলিম সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে পুলিশ ইচ্ছে করলে বিবাদিকে গ্রেপ্তারও করতে পারবে।
কিশোরগঞ্জ: জেলার কুলিয়ারচর উপজেলার একরামপুর গ্রামের সাবেক সেনা সদস্য ক্বারী মাসউদুল হক মাসুদ বাদী হয়ে বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগ করেন।
হাকিম মুহম্মদ আলী আহসান অভিযোগের ব্যাপারে আদেশ দেওয়ার দিন ধার্য করেন আগামী ১৮ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এলএন/এমআই/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24