হবিগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুজনই নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সদস্য বলে হবিগঞ্জ পুলিশের দাবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওলামা দলের হবিগঞ্জ পৌর শাখার সভাপতি কাশেম বিল্লাহ ওরফে নোমান ও আরিফ বিল্লাহ।
বুধবার ভোর সাড়ে ৪টায় বানিয়াচং উপজেলার পূর্ব পুকড়ায় বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত হন। ওই হত্যাকাণ্ডে হুজি জড়িত বলে পুলিশ বলে আসছে। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে।
পুলিশ কর্মকর্তা জিল্লুর বলেন, কিবরিয়া হত্যামামলায় গ্রেপ্তার বানিয়াচংয়ের সিকান্দরপুর গ্রামের মিজানুর রহমান মিঠু টিএফআই (টাস্ক ফোর্স ইন্টারোগেশন) সেলে জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় নোমান ও আরিফের সম্পৃক্ততার কথা জানায়। এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার হয়েছে।
মাদ্রাসায় পড়শোনা করা নোমান ও আরিফ উভয়েই জঙ্গি সংগঠন হুজির সঙ্গে জড়িত বলে জিল্লুর দাবি করেন।
পুলিশ জানায়, আরিফ বানিয়াচংয়ের কাটখাল মাদ্রাসার শিক্ষক এবং নোমান হবিগঞ্জ শহরের হাসপাতাল সড়কে নিউ বেঙ্গল ইউনানি দাওয়াখানায় হেকিম (চিকিৎসক)।
দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জিল্লুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24