ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সাঈদ ইস্কান্দারকে দুর্নীতির একটি মামলায় ছয় মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার সাঈদ ইস্কান্দারের আগাম জামিনের আবেদন জানানো হলে আদালত এই আদেশ দেয়।
সাঈদ ইস্কান্দার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ভাই।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক বেনজীর আহমেদ বাদী হয়ে গত ২৮ এপ্রিল রমনা থানায় সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতির এ মামলাটি করেন।
মামলায় তার বিরুদ্ধে আয় বর্হিভূতভাবে ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬০২ টাকার সমমানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তার পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
আদালতে তারা বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তিনি ঠিকমতোই তার সম্পদের হিসাব দিয়েছেন। তিনি তার সম্পদের ওপর করও দিয়েছেন। তার বিরুদ্ধে আয়কর আইনে কোনো মামলা নেই।
সরকার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের আরো কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/কেএমএস/১৮১৮ ঘ.
bdnews24