ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা উপনির্বাচনের ফলাফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী বুধবার সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। (বিস্তারিত)
রোববার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
কর্মসূচি অনুযায়ী দেশের সব জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হবে।
তিনি বলেন, "ভোলা-৩ আসনের নির্বাচনে আর যাই হোক ভোটাভুটি হয়নি, ভোট ডাকাতি হয়েছে। প্রধান র্নির্বাচন কমিশনারসহ দুই কমিশনার এই ধরনের ভোট করে শপথ ভঙ্গ করেছেন। তাদের আর নির্বাচন কমিশনে থাকার অধিকার নেই। তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।''
ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের চেয়ে ৫০ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শাওন পান ৯৩ হাজার ৮৭৩ ভোট। অন্যদিকে হাফিজ পেয়েছেন ৪২ হাজার ৬৫৮ ভোট।
মোট ৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে ৯টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোর মোট ভোটের সংখ্যা ৩১ হাজার ৫৬৬।
বিএনপি ইতিমধ্যে এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। তারা বলছে, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছে দলটি।
মুক্তাঙ্গনে মহানগর বিএনপির উদ্যোগে ভোলায় উপনির্বাচনের ফলাফল বাতিলসহ রাজধানীতে সরকারি দলের কথিত সমর্থকদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ আওয়ামী লীগের এক দলীয় মানসিকতার সমালোচনা করে বলেন, ''তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ভোলার নির্বাচনে সরকার, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন এক হয়ে ভোট ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এটি নির্বাচনের ইতিহাসে জঘন্যতম ঘটনা হিসেবে চিহ্নিত থাকবে।''
ভোলা-৩ আসনের ঘোষিত ফলাফল দেশের জনগণ মানে না বলেও মন্তব্য করেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ভোলা-৩ আসনের নির্বাচনকে 'নজিরবিহীন ভোট ডাকাতি' অভিহিত করে বলেন, ''আমি গত ৫০ বছরে এমন নির্বাচন হতে দেখিনি।''
এক পর্যায়ে সমাবেশে যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের পরে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপুর বক্তব্য দেওয়া নিয়ে দুই অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুরো সমাবেশে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে আমানউল্লাহ আমান কার আগে কে বক্তব্য দেবেন ভবিষ্যতে তা ঠিক করে দেওয়া হবে বলে ঘোষণা দিলে উভয় পক্ষের কর্মীরা শান্ত হন।
ঢাকা সিটি মেয়র ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ আবুল খায়ের, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, শরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১২ ঘ.
bdnews24