২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিবাদ সমাবেশ বিকালে

ভোলায় উপনির্বাচন বাতিল ঘোষণার দাবিতে রোববার বিকালে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 06:29 AM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় উপনির্বাচন বাতিল ঘোষণার দাবিতে রোববার বিকালে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। নির্বাচন সুষ্ঠু হয়েছে- সরকারি দল ও নির্বাচন কমিশন একথা বললেও বিরোধী দলের অভিযোগ, শনিবারের ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে তাদের প্রার্থীকে হারানো হয়েছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নূরুন্নবী চৌধুরী শাওন বেসরকারি ফলাফলে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হন। সেখানে বিএনপির প্রার্থী ছিলেন হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলার নির্বাচন বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ হবে। কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করা হবে বিকাল ৩টায় মুক্তাঙ্গনে। "ভোলার প্রহসনমূলক নির্বাচনের ফলাফল বাতিল, বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কট সমাধানের দাবি এবং রাজধানীতে আমাদের সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদের এ বিক্ষোভ সমাবেশ হবে।" ভোলায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করে এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য দুই কমিশনারের পদত্যাগ দাবি করে। এ আসনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মো. জসিমউদ্দীন জয়ী হন। তবে অবসর সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে আদালত জসিমের প্রার্থিতা বাতিল করে আসনটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২২৫ ঘ.