২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় শাওন জয়ী

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 06:41 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। শনিবার রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এ ফলাফল ঘোষণা করেন। এ আসনের মোট দুই লাখ ৩৪ হাজার ৮২৬ ভোটের মধ্যে গৃহীত হয়েছে এক লাখ ৩৭ হাজার ৩১ ভোট। এর মধ্যে শাওন পেয়েছেন ৯৩ হাজার ৮৭৩ ভোট। বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩ হাজার ১৫৮ ভোট। মোট ৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে ৯টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোর মোট ভোটের সংখ্যা ৩১ হাজার ৫৬৬। এই ভোটের সব পেলেও হাফিজ উদ্দিন বিজয়ী হতে পারবেন না। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন। ২০০৪ সালের ৩১ আগস্ট সেনাবাহিনী থেকে জসিমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ উদ্দিন আহমদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট জসিম উদ্দিনের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিনের আবেদন খারিজ করে আপিল বিভাগ। গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসনটি শূন্য ঘোষণা করে। এ বছরের ১৮ মার্চ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। উপনির্বাচনে জসীমের বদলে শাওন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/০০৩২ ঘ.