ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচনে বেসরকারি ফলে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন জয়ী হয়েছেন। (বিস্তারিত)
৭৭টি ভোটকেন্দ্রের ৭২টিতে শাওন পেয়েছেন ৮৮ হাজার চারশ দুই ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন ৪০ হাজার পাঁচশ সাত ভোট।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে শনিবার রাতে প্রার্থীদের ভোটপ্রাপ্তির এ ফল জানান রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার।
এ আসনে মোট ভোটকেন্দ্র ৮৬টি হলেও নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
ভোলা-৩ আসনের সীমানা লালমোহন ও তজমুদ্দিন উপজেলা। ৮৬ ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই লাখ ৩৪ হাজার নয়শ ২৬। এর মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার আটশ ৮০ এবং নারী এক লাখ ২০ হাজার ৪৬ জন।
লালমোহন উপজেলার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৬টি। এর মধ্যে নয়টিতে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। সেগুলো বাদ দিয়ে লালমোহনের ৪৭টি কেন্দ্রেরই ফল ঘোষণা হয়েছে।
তজমুদ্দিন উপজেলায় ভোটকেন্দ্র ৩০টি। এর মধ্যে ২৫টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজউদ্দিন ৮৩ হাজার একশ ২৭ ভোট পেয়ে পরাজিত হন। বিজয়ী আওয়ামী লীগের মো. জসিমউদ্দিন পান ৯৬ হাজার চারশ ৮৪ ভোট।
জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে উপনির্বাচন হলো। প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগ এবার মনোনয়ন দেয় যুবলীগ নেতা শাওনকে।
ঘোষিত ৭২ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৩ হাজার আটশ ২৮। এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ৩০ হাজার দুইশ ৪২ জন। এই ভোটে মধ্যে বাতিল হয়েছে এক হাজার তিনশ ৩৩টি ভোট।
যে পাঁচটি কেন্দ্রের ফল এখনো ঘোষণা সেগুলো তজমুদ্দিনের উপজেলার চর জহিরউদ্দিনে। এ পাঁচ কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ হাজার ১৭। লালমোহনের স্থগিত নয় ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ৩১ হাজার পাঁচশ ৬৬।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।
বড় ধরনের গোলযোগ ছাড়াই ভোলার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। তবে অনিয়মের অভিযোগে লালমোহনের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। একটি কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় ছয়জন।
বিএনপি ইতিমধ্যে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। তারা বলছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে।
অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ফলাফল মেনে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/পিডি/২৩০০ ঘ.
bdnews24