ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর যুবলীগ নেতা ও বায়রা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জিতেছেন।
নির্বাচনে পরাজিত প্যানেলের প্রধান বর্তমান সভাপতি গোলাম মুস্তাফা এ নির্বাচনকে 'অর্থ, গুজব, মিথ্যাচার ও পেশীশক্তির নির্বাচন' বলে অভিহিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "ফলাফল আগেই নির্ধারিত ছিল।"
নতুন কার্যনির্বাহী পরিষদ (২০১০-১২) নির্বাচনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা শনিবার ভোট দেন। ভোটার ছিলেন ৮৩১ জন। এর মধ্যে ১২৪ জন ভোট দেননি।
কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদের জন্য বর্তমান সভাপতি গোলাম মুস্তাফার নেতৃত্বে সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট এবং আবুল বাশারের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নামে দুটি প্যানেলে ২৭ জন করে ৫৪ জন এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঢাকার ইস্কাটনে বায়রা ভবনে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদস্যরা গোপন ব্যালটে তাদের রায় দেন।
বিজয়ী মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বাধীন সম্মিলিত সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- আলী হায়দার চৌধুরী, রিয়াজ উল ইসলাম, এমএ সোবহান ভূঁইয়া (হাসান), সিরাজ উদ্দিন আহাম্মদ, গোলাম মোস্তফা (বাবুল), মুনছুর আহাম্মেদ কালাম, গোলাম মাওলা, এএইচএম গোলাম কবির, এমএ ছালাম, নোমান চৌধুরী, নাসির উদ্দিন মজুমদার (সিরাজ), আবুল বারাকাত ভূঁইয়া, আবুল বাশার, একেএম নজরুল ইসলাম, ইমদাদ উল্লা, ফারুক আল-মাহমুদ, মো. সহিদ উল্লাহ, মফিজুর রহমান চৌধুরী, খলিলুর রহমান, মাওলানা ইয়াকুব সরাফতি, মোস্তাক আহাম্মেদ, মনিরুল হক (লিটন), এমএ হামিদ (লাবু), শওকত হোসেন সিকদার, তৈয়ব আলী সরকার ও আমিনুল হক ভূঁইয়া।
নির্বাচন শেষে গোলাম মুস্তাফা অভিযোগ করেন, তার প্যানেলের দুই প্রার্থীকে প্রতিপক্ষ প্যানেলের সমর্থক বহিরাগতরা লাঞ্ছিত করেছে। আতঙ্কে অনেক ভোটার ভোট দিতে আসেননি, অনেকে এসেও ভোট না দিয়ে চলে গেছেন।
তিনি বলেন, "আমরা আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। প্রতিপক্ষ প্রার্থীরা পদে পদে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে। আমাদের জানাই ছিল ফলাফল কী হবে।"
নির্বাচন স্বচ্ছ হয়েছে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবুল বাশার বলেন, "ওই হামলার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কারা করেছে জানি না। এ ধরনের কোনো ঘটনা বায়রা ক্যাম্পাসে হয়নি। বাইরে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাও আমরা জানি না। কারণ কেউ তাদের চিনতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/জিএনএ/২১৫৩ ঘ.
bdnews24