২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা এসেছিলো 'সিন ক্রিয়েট' করতে: তোফায়েল

বিএনপির কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি জটিল করতেই লালমোহনে যাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 10:27 AM

Updated : 24 Aug 2022, 08:45 PM

লালমোহন, ভোলা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি জটিল করতেই লালমোহনে যাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "তারা এসেছিলো সিন ক্রিয়েট করতে।" ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনের একদিন আগে শুক্রবার লালমোহন উপজেলার প্রবেশপথ 'কুঞ্জের হাট' এলাকায় র‌্যাব ও পুলিশ মওদুদ আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আটকে দেয়। নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া তারা ঢুকতে চেয়েছিলেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। ওই আসনে শনিবার ভোটগ্রহণ হবে। অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঢুকতে না দেওয়ার বিষয়ে ইসির কড়াকড়ি নির্দেশনা রয়েছে। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের প্রচারণার মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন ভোলার অন্য একটি আসনের সংসদ সদস্য তোফায়েল। বিএনপির নেতাদের অভিযোগ, লালমোহনে তাদের বাধা দিলেও আওয়ামী লীগের হয়ে বহিরাগতরা সেখানে অবস্থান করছে। এর প্রতিবাদ জানিয়ে শাহবাজপুর কলেজ মাঠে বিকালে সংবাদ সম্মেলনে তোফায়েল বলেন, "এখানে আওয়ামী লীগে একজন লোকও বহিরাগত নয়। আর আমি আমাদের প্রার্থীর প্রচারের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছি।" পরাজয় বুঝতে পেরে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, সরকার তা হতে দেবে না। "আমরা মাগুরা নয়, বগুড়ার উদাহরণ তৈরি করতে চাই", বলেন তিনি। ১৯৯৪ সালে বিএনপির আমলে মাগুরার একটি আসনে উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অন্যদিকে বর্তমান সংসদে বগুড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেড়ে দেওয়া দুটি আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থীরা জয়ী হন। এর দিকে ইঙ্গিত করেই তোফায়েল এ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬২০ ঘ.