২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহনে যেতে 'বহিরাগত' বিএনপি নেতাদের বাধা

ভোলার লালমোহনে ঢুকতে বাধা পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ ও তার সঙ্গীরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 08:18 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

লালমোহন, ভোলা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহনে ঢুকতে বাধা পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ ও তার সঙ্গীরা। নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া তারা ঢুকতে চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। বাধার প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে তাদের যেতে না দিয়ে ইসি সরকারের 'ইচ্ছা' পূরণ করেছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনের একদিন আগে শুক্রবার লালমোহন উপজেলার প্রবেশপথ 'কুঞ্জের হাট' এলাকায় র‌্যাব ও পুলিশ বিএনপি নেতাদের বাধা দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের সঙ্গে ছিলেন সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, আহসান হাবিব কামাল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ। বেলা সাড়ে ১১টার দিকে বাধা পেয়ে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন তারা। দুপুর দেড়টা পর্যন্ত চলে তাদের সমাবেশ। সমাবেশ শেষে নিরাপত্তা বেষ্টনী পার হতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপি নেতাদের ধাক্কাধাক্কি হয়। সংসদ এ্যানির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বাক-বিতণ্ডাও হয়। পরে বিএনপি নেতারা পাশের একটি বিদ্যালয় ভবনে অবস্থান নেন। ওই আসনে শনিবার ভোটগ্রহণ হবে। অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঢুকতে না দেওয়ার বিষয়ে ইসির কড়াকড়ি নির্দেশনা রয়েছে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার এমরান হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমোদিত ব্যক্তি ছাড়া নির্বাচনী এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এজন্যে প্রতিনিধি দলকে যেতে বাধা দেওয়া হয়েছে।" এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধানের ১১৯ ধারা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে ইসি। নির্বাচনী প্রচারণার সময় শেষ হওয়ার পর অনুমোদিত ব্যক্তি ছাড়া যে কোনো ধরনের বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশে কড়াকড়ির জন্য নির্দেশনা দেওয়া আছে।" গত সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক বৈঠকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ ও নূরুন্নবী চৌধুরী শাওন একমত হন, ইসির অনুমতি ছাড়া যে কোনো ধরনের বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না। লালমোহন ও তজুমদ্দিনে বহিরাগতরা ঢুকে সন্ত্রাস চালাচ্ছে বলে বিএনপিই প্রথম অভিযোগ করে। কুঞ্জেরহাটে প্রতিবাদ সমাবেশে মওদুদ বলেন, "আমরা কোনো ধরনের প্রচারণার জন্যে নির্বাচনী এলাকায় যাচ্ছি না। প্রার্থীর সঙ্গে দেখা করার জন্যে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা, তাও পর্যবেক্ষণ করতে চাই আমরা। নির্বাচনী এলাকায় এক থেকে দেড় হাজার সন্ত্রাসী অবস্থা করছে, আওয়ামী লীগ সংসদ সদস্যরা আছে। শুধু আমাদের যেতে দিচ্ছে না।" সরকার ও ইসির সমালোচনা করে তিনি বলেন, "এতে সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। আর নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ, ইসি স্বাধীন ও নিরপেক্ষ নয়, বরং পদলেহী। সরকার যা বলছেন, তারা তাই করছেন।" নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দেন মওদুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৪৩৪ ঘ.