নারায়ণগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চাঁদা দাবি করার অভিযোগে বুধবার বিকালে সরকার সমর্থক যুবলীগের নেতাসহ তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
ফুটবল খেলা পরিচালনার জন্য ইউএনও নাহিদা সুলতানা মল্লিকের কাছে এই তিন যুবক চাঁদা দাবি করেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক হোসেন (৩২), ইসমাইল হোসনে (২৮) ও আকতার হোসেন (৩২)।
এদের মধ্যে ফারুক তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের য্গ্মু সম্পাদক। অন্যরাও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনওকে অনুষ্ঠানের দাওয়াত দিতে যান এই তিনজন।
তারা ইউএনওকে দাওয়াত দেন এবং অনুষ্ঠান পরিচালনার জন্য তার কাছে চাঁদা দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহকারী নাছিরউদ্দিন বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।
তিনি সাংবাদিকদের জানান, মামলায় তিন যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইউএনও নাহিদা সুলতানা মল্লিকের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগ করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৮ ঘ.
bdnews24