ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে রুল নিষ্পত্তি না হওয়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি বুধবার আবার পিছিয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসাইন আগামী ২৯ জুন তারিখে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছেন।
বুধবার এ মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ আসামিদের কৌঁসুলিরা সময়ের আবেদন জানান।
একই সঙ্গে তারা জানান, এ মামলার বিষয়ে হাইকোর্টের বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া ও বিচারপতি আবদুর রাজ্জাকের বেঞ্চে একটি রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তারেকের আইনজীবী জয়নাল আবেদিন মিজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার কার্যক্রম বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। সে আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি।
মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ।
মিজবাহ আরো জানান, বুধবার অপর অভিযুক্ত কাজী সালিমুল হক কামালের জামিন স্থায়ী করা হয়েছে। এ মামলায় কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমান পলাতক রয়েছেন। তারেক রহমান বিদেশে রয়েছেন। তার পক্ষে আইনজীবীর মাধ্যমে (বাই এজেন্ট) হাজিরা দাখিল করা হয়েছে। খালেদা জিয়া রাজনৈতিক কারণে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি।
জিয়া ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১২১৪ ঘ.
bdnews24