ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত এই স্থগিতাদেশ দেন।
সরকারের পক্ষে আবেদনটি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিট আবেদনকারী মীর নাছির নিজেই আবেদনের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
গত রোববার হাইকোর্ট আইনগত প্রক্রিয়া ছাড়া মীর নাছিরকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেয়।
গত বৃহস্পতিবার সৌদি আরব যেতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মীর নাছিরকে বাধা দেয় কর্তৃপক্ষ।
এর বৈধতা নিয়ে নাছিরের পক্ষে একটি রিট আবেদন করেন তার ছেলে ব্যারিস্টার মীর হেলালউদ্দিন।
রোববার আবেদনটির ওপর শুনানি করেন মীর নাসিরউদ্দিন নিজেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৯১২ ঘ.
bdnews24