২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন না করে সরকারের কথা মানছে ইসি: বিএনপি

ভোলায় সেনা মোতায়েন সরকার চায় না দাবি করে বিএনপি বলেছে, নির্বাচন কমিশন এক্ষেত্রে সরকারের কথায় সায় দিয়ে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 08:24 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় সেনা মোতায়েন সরকার চায় না দাবি করে বিএনপি বলেছে, নির্বাচন কমিশন এক্ষেত্রে সরকারের কথায় সায় দিয়ে চলছে। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। সেখানে সেনা মোতায়েনের দাবি শুরু থেকেই বিএনপি বলে এলেও নির্বাচন কমিশন (ইসি) তা নাকচ করে আসছে। সেনা মোতায়েন না হলে সরকারবিরোধী আন্দোলনের হুমকিও দিয়েছে প্রধান বিরোধী দল। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "ভোলা-৩ আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবি নাকচ করে ইসি কার্যত সরকারি দলের চাওয়াকে সমর্থন করেছে। কারণ ওই দলটি চায় না, সেখানে সেনা মোতায়েন হোক।" ভোলায় সেনা মোতায়েনের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে রিজভী বলেন, "বগুড়ায় আমরা সেনা মোতায়েন চাইনি। কিন্তু ভোলায় অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বহিরাগত মাস্তানরা ধানের শীষে ভোট না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে।" বিএনপির আমলে মাগুরার একটি আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলার সংসদ সদস্য তোফায়েল আহমেদ সোমবার এক জনসভায় বলেন, তারা বগুড়ার মতো উদাহরণ তৈরি করতে চান। বর্তমান সংসদে বগুড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেড়ে দেওয়া দুটি আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থীরাই জয়ী হন। ভোলায় সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন রিজভী। আচরণবিধি মেনে প্রচার চালাতে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ও বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে ইসি সতর্ক করেছে। এ বিষয়ে রিজভী বলেন, "আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির অনেক প্রমাণ রয়েছে। আর আমাদের প্রার্থী একজন বরেণ্য রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। আইন মেনে চলার অন্তর্নিহিত জ্ঞান তার রয়েছে। কমিশন আওয়ামী লীগের প্রার্থীকে সর্তক করতে গিয়ে এক পাল্লায় আমাদের প্রার্থীকে নেওয়ার বিষয়টি করার গ্রহণযোগ্য নয়।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, আবদুল লতিফ জনি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪০০ ঘ.