২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পথে খালেদা

খুলনায় বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশে যোগ দিতে রোববার সকালে সড়ক পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 03:30 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশে যোগ দিতে রোববার সকালে সড়ক পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খুলনার শিববাড়ী মোড়ে বিকাল ৩টায় ওই মহাসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। খালেদা জিয়ার গাড়িবহর সকাল ৮টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে রওনা হয়। গাড়িতে তার সঙ্গে দলের সহসভাপতি সেলিমা রহমান রয়েছেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাডাম খুলনার উদ্দেশে রওনা হয়েছেন। খুলনা পৌঁছে সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে দলীয় সমাবেশে যোগ দেবেন তিনি। বিএনপি ছয়টি বিভাগীয় শহরে মহাসমাবেশ অনুষ্ঠানের যে কর্মসূচি নিয়েছে এটি তার দ্বিতীয়টি। প্রথমটি হয় চট্টগ্রামের লালদিঘী ময়দানে গত ২৯ মার্চ। ওই মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা বলেন, "আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশ পাঠাতে চেয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার।" এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি থাকা অবস্থায় তাকে 'স্লো পয়জনিং' করা হয়েছিল। ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ধামরাই, মানিকগঞ্জ, ঘিওর ও পাটুরিয়ায় রাস্তার দুই পাশে দলের নেতাকর্মীরা তাদের নেত্রীকে করতালি দিয়ে স্বাগত জানায়। খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর খুলনায় এটি হতে যাচ্ছে খালেদা জিয়ার প্রথম মহাসমাবেশ। খুলনায় অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। তার ওপর বেড়েছে ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজি। দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবণতির প্রেক্ষাপটে এই জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশনেত্রী খালেদা জিয়া।" খুলনায় সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের নানা প্রতিবন্ধকতার পরও এই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিএনপি খুলনার পর রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠান শেষে ঢাকায় পল্টন ময়দানে মহাসমাবেশ করবে বলে জানান তরিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০৪১ ঘ.