২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে মুজাহিদের নসিহত

চট্টগ্রামে তাকে সভা করতে না দেওয়ায় সরকারে 'শুভবুদ্ধি'র অভাব আছে বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 09:23 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তাকে সভা করতে না দেওয়ায় সরকারে 'শুভবুদ্ধি'র অভাব আছে বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মুজাহিদ বলেন, "সামনে আরো কর্মসূচি দেব। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।" সরকার তার দলকে অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। 'শুভবুদ্ধির উদয়' হলে তারা (সরকার) দমনপীড়নের পথ পরিহার করে সংসদকেন্দ্রিক রাজনীতি করবেন বলে মন্তব্য করেন মুজাহিদ। রোববার 'মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতা'র প্রতিরোধের ঘোষণার পর পুলিশি বাধায় চট্টগ্রামে মুজাহিদের সভা পণ্ড হয়। কোতোয়ালি থানার দীদার মার্কেটের সাফা আর্কেড কমিউনিটি সেন্টার বেলা ৩টায় ওই সভা হওয়ার কথা ছিল। 'মুক্তিযোদ্ধা-ছাত্র জনতা' ব্যানারে আওয়ামী লীগ সমর্থকরা সেখানে সভার ঘোষণা দিলে পুলিশ কোনো পক্ষকেই সেখানে ঢুকতে দেয়নি। এরপর জামায়াত ওই কমিউনিটি সেন্টারের ৫০ গজ দূরে দলের মহানগর কার্যালয়ে বৈঠকের প্রস্তুতি নিলে তাতে বাধা দেয় পুলিশ। চট্টগ্রামের ওই প্রতিরোধে মুক্তিযোদ্ধা জনতা কিংবা চট্টগ্রামবাসী সম্পৃক্ত ছিলো না বলে দাবি করেন মুজাহিদ। তার মতে "সরকারের ফ্যাসিস্ট সিদ্ধান্তের কারণে" ওই সভা করা যায়নি। মুজাহিদ জানান, সরকার এ পর্যন্ত ১৫ স্থানে জামায়াতের সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া দলের আরেক নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ১১টি 'তাফসির মাহফিলে' সরকার ১৪৪ ধারা জারি করে দাবি করে তিনি বলেন, "সারাদেশে জামায়াতের ২৮টি কার্যালয়ে হামলা চালানো হয়েছে। সারাদেশে এ সরকারের আমলে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৮ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।" জামায়াতের সেক্রেটারি জেনারেল বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট সমাধানে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলটির নায়েবে আমীর মকবুল আহমেদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, দপ্তর সম্পাদক তাসনিম আলম, নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ আবু তাহের, সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/জিএনএ/১৫০৫ ঘ.