মৌলভীবাজার, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলায় আহত মৌলভীবাজারের এক ছাত্রলীগ নেতা মারা গেছেন।
শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সদর উপজেলার দনাশ্রী এলাকায় চড়কপূজার মেলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তার ওপর হমলা হয়।
নিহত এনামুল হক অরদুস (২৫) উপজেলার কদমহাটা বাজার আঞ্চলিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। উপজেলার নিধিরমহল গ্রামের জাহিদ উল্লাহর ছেলে।
তার মৃত্যুর খবরে বিক্ষুদ্ধ এলাকাবাসী শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে চারঘণ্টা মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বাইপাস সড়ক ও মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমুল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল ৫টার দিকে সদরের দনাশ্রী এলাকায় চড়কপূজার মেলা চলছিল। মেলা প্রাঙ্গণে জুয়া খেলায় প্রতিবাদ করলে স্থানীয় কয়েকজনের সঙ্গে ছাত্রলীগ নেতা অরদুসের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা রামদা, চাপাতি নিয়ে অরদুস ও তার ছোটভাই ফেরদৌসের উপর হামলা চালায়।
মারাত্মক আহত অরদুস ও ফেরদৌসকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অরদুসকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি জানান, ঘটনার রাতেই (বুধবার) নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫-১৬ জনকে আসামি করে অরদুসের বাবা জাহিদ উল্লা মৌলভীবাজার সদর থানায় একটি মামলা করেন।
পুলিশ কর্মকর্তা জানান, অরদুসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী কদমহাটা এলাকায় দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বাইপাস সড়ক ও মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে। তারা খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও করে।
পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকাল সাড়ে ৪টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
জেলা ছাত্রলীগের আহবায়ক মবশ্বির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অরদুসের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24