নাটোর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঠিকাদারি কাজের ভাগের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোরে দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার দুপুরে জেলা শহরের নান্নুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মিলন ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মিন্টুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সংগঠনের লোকজন জানায়, ঠিকাদারি কাজের টাকার ভাগাভাগি নিয়ে নান্নুর মোড়ে আমির হোসেন মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে তার সঙ্গে ব্যবসায়িক অংশীদার মিন্টুর ঝগড়া বাধে।
এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু'জনই গুলিবিদ্ধ হন।
আহত মিন্টু মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি রাস্তার কাজের টাকা আনতে গেলে আমার ব্যবসায়িক অংশীদার মিলন ও তার লোকজন আমাকে কোমরে গুলি করে হত্যার চেষ্টা করে।"
মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, "ওরা (মিন্টু ও সহযোগী) অস্ত্রসস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ওরা আমার হাতে গুলি করে ও কুপিয়ে জখম করে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে তছনছ করে।"
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, "ঠিকাদারি কাজের টাকার ভাগাভাগি নিয়ে ওদের গোলমাল হয়েছে শুনেছি। আহত হয়ে তারা এখন চিকিৎসাধীন আছে।"
নাটোর সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, "আমরা ঘটনার কথা শুনেছি। তবে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24