২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগ প্রার্থীর পাল্টা অভিযোগ

ভোলা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী নুরুন্নবী চৌধুরী বিএনপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ এনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ভোলা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী নুরুন্নবী চৌধুরী বিএনপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ এনেছেন। বিএপি প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ আগেরদিন সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিলেন। মঙ্গলাবর দুপুর ১২টায় লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নুরুন্নবী অভিযোগ করেন, বিএনপিকর্মীরা গত ২৩ মার্চ লালমোহন পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুকুমার কর্মকারের আঙুল কেটে দিয়েছে। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ কর্মীদের উপর বিএনপির নির্যাতন কথা কারো অজানা নয়। নুরুন্নবী বলেন, ওই সময় বিএনপি কর্মীদের 'মৌমাছি বাহিনী' লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সংখ্যালঘু নির্যাতন, লালমোহন বাজারে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চাঁদা আদায় এবং বদরপুর ইউনিয়নে মোতাহার বাকলাইকে কুপিয়ে হত্যা করেছিল। ২০০৩ সালে লঞ্চ দুর্ঘটনার পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ভোলায় এলে তার উপর হামলা চালায় মৌমাছি বাহিনী। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতে আগুন দেয় এবং ভাংচুর করে বলেও তিনি দাবি করেন। তজুমদ্দিন ও লালমোহন উপজেলা নিয়ে ভোলা-৩ আসনের উপনির্বাচন হবে ২৪ এপ্রিল। সোমবার ভোলা শহরে বিএনপি প্রার্থী হাফিজ সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ করেন। তিনি ভোটকেন্দ্র দখল এবং তার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হতে পারে- এ আশঙ্কা প্রকাশ করে র‌্যাবের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানান। আওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লা আল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন আওয়ামী লীগের জসিমউদ্দিন। ২০০৪ সালের ৩১ আগস্ট সেনাবাহিনী থেকে জসিমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ উদ্দিন আহম্মেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট তার সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিনের আবেদন ১৮ অক্টোবর খারিজ করে আপিল বিভাগ। গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসনটি শূন্য ঘোষণা করে। উপনির্বাচনে জসিম আওয়ামী লীগের মনোনয়ন পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.