ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি বলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা হয়।
মামলাটি করেছেন মাদারীপুরের মাহামুদসি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
হাকিম একেএম এমদাদুল হক এ বিষয়ে মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
বাদি আরজিতে বলেন, গত ২৭ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভায় বিএনপির সহসভাপতি খোকা বলেন, 'জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি'।
"ওই বক্তব্যের মাধ্যমে বিবাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনমনে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল", আরজিতে বলা হয়।
দুপুরে এ মামলার ওপর শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাদির আইনজীবী পি কে আবদুর রব।
মামলার আরজিতে বলা হয়, ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় প্রবাসী বাংলাদেশ সরকার। ওই সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বর্তমান মেহেরপুর জেলার সদর থানার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায় ১৭ এপ্রিলে প্রবাসী বাংলাদেশ সরকার শপথ নেয়। নয় মাস যুদ্ধের পরে ১৬ ডিসেম্বরে অর্জিত হয় বিজয়।
জিয়া দেশের সপ্তম রাষ্ট্রপতি জানিয়ে বাদি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মন্ত্রিপরিষদশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং তিনি হন প্রধানমন্ত্রী। দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
এরপর রাষ্ট্রপতি হন মোহাম্মদ উল্লাহ চৌধুরী। এরপর বঙ্গবন্ধু আবার রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং নিজে বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি হন। এরপর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ১৯৭৫ সালের ২০ আগস্ট রাষ্ট্রপতি হন খন্দকার মুশতাক আহমেদ। ওই বছরের ৬ নভেম্বরে রাষ্ট্রপতি হন আবু সাদত মোহাম্মদ সায়েম। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24