ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় শাহবাগে ছাত্রলীগ কর্মীরা রোববার দুই সাংবাদিককে পিটিয়েছে।
এরা হলেন 'সাপ্তাহিক'র নিজস্ব প্রতিবেদক আসির রায়হান এবং 'বুধবার'র নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়েজ।
আহত অবস্থায় তাদের প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাপ্তাহিকের প্রধান প্রতিবেদক মহিউদ্দিন নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন আনিস ও ফয়েজ। এ সময় ছাত্রলীগ এসএম হল শাখার সভাপতি সাজিব জাহান সৈকত পিছন দিক থেকে এসে জোরে হর্ন বাজিয়ে তার মোটরসাইকেলটি প্রায় তাদের ওপর উঠিয়ে দেন।
দুই সাংবাদিক এ ঘটনার প্রতিবাদ করলে সৈকত তাদের পরিচয় জানতে চান। সাপ্তাহিকের সাংবাদিক পরিচয় পেয়ে ছাত্রলীগ সভাপতি রিপনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় আইডি কার্ড ছিনিয়ে নিয়ে সৈকত দুই সাংবাদিককে জিম্মি করে ফেলেন। পরে হল থেকে ২০-২৫ জন কর্মী এনে তাদের ব্যাপক মারধর করা হয়।
এ বিষয়ে জানতে ব্যাপারে সৈকত ও কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১১৫ ঘ.
bdnews24