২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বাজেটেও গুরুত্ব পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত: মুহিত

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে এ দুই খাতের উন্নয়নের বিষয়টি আগামী অর্থবছরের বাজেটেও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 07:24 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে এ দুই খাতের উন্নয়নের বিষয়টি আগামী অর্থবছরের বাজেটেও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টার প্রতিফলনও বাজেটে থাকবে বলে জানান তিনি। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে মন্ত্রী বলেছেন, এ খাতের সার্বিক অবস্থা এ মাসের শেষে দিকে জনগণের সামনে তুলে ধরা হবে। রোববার সচিবালয়ে এক প্রাক বাজেট আলোচনায় মুহিত জানান, আগামী অর্থবছরের বাজেট এবারের চেয়ে বেড়ে ১ লাখ ৩০ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "বিদ্যুতের সর্বশেষ অবস্থা যেমন বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষমতা, নতুন কেন্দ্রের দরপত্রের সময়সূচি এবং কবে থেকে এগুলোতে উৎপাদন শুরু হবে- তা জানাতে আমরা এ মাসের শেষ দিকে একটি বিবৃতি দেব।" বিদ্যুৎ, পানি ও গ্যাস সঙ্কট থেকে দেশবাসী কবে মুক্তি পাবে তার সুনির্দিষ্ট সময় জানাতে সরকারের প্রতি মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আহ্বানের একদিন পরই অর্থমন্ত্রী একথা বললেন। বর্তমানে দেশে দৈনিক প্রায় ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন গড়ে ৪ হাজার মেগাওয়াট। এজন্য লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জানান, বিদ্যুৎ উৎপাদন ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট ও ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা নিয়ে তার সরকার কাজ করছে। বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো আগামী বছরের মধ্যে সচিবালয়েও সৌর প্যানেল স্থাপন হবে বলে জানান অর্থমন্ত্রী। তবে জ্বালানি খাতের বিষয়ে বিশদ বর্ণনা না দেওয়া গেলেও একটি ধারণা তুলে ধরা হবে বলে তিনি জানান। মুহিত বলেন, জ্বালানি সঙ্কট নিরসনে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির প্রস্তাব আগামী মাসের শুরুতেই অনুমোদিত হতে পারে। প্রতি বছর ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনার কথা জানান তিনি। ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে ওই আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭ শতাংশ ধরা হতে পারে। আগামী অর্থবছরেও মূল্যস্ফীতি এখনকার মতো অর্থাৎ ৬ দশমিক ৫ শতাংশ থাকবে বলে মনে করছেন মুহিত। তিনি জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ থাকতে পারে ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয় বাড়াতে ভ্যাটের আওতা বাড়ানোর পাশাপাশি আয়কর আদায় বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমএস/এমআই/১৯৫৫ ঘ.