ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি বলেছে, এ বিচার প্রচলিত আদালতেই সম্ভব।
এ নিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতা সংবাদ মাধ্যমে কথা বলে এলেও এ প্রথম আনুষ্ঠানিকভাবে আপত্তির কথা জানালো প্রধান বিরোধী দল, যাদের কয়েকজন নেতার একাত্তরের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়ে আসছে।
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা হয়।
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গত ২৫ মার্চ তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করে সরকার।
শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার বলেন, "সরকার যুদ্ধাপরাধীর বিচার থেকে সরে এসে এখন মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলছে। হত্যা-লুণ্ঠন-অগ্নিসংযোগ-ধর্ষণ-অপহরণের মতো অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধিতেই সম্ভব।
"এ জন্য কোনো বিশেষ আদালত, ট্রাইব্যুনাল কিংবা তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই।"
তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের দলীয় আনুগত্যের বিবেচনায় মনোনীত করা হয়েছে বলেও দাবি করেন দেলোয়ার।
তিনি বলেন, "ওই সদস্যরা প্রতিপক্ষের রাজনৈতিক দলের লোকজনকেই অপরাধী হিসেবে চিহ্নিত করবেন। ফলে তাদের কাছ থেকে নিরপেক্ষ কিছু আশা করা যায় না। সুষ্ঠু বিচারও এখানে সম্ভব নয়।"
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারের পক্ষে যুক্তি দিয়ে অ্যাডভোকেট দেলোয়ার বলেন, "এজন্য আইনের নতুন কোনো সংশোধনী আনা আইনের চোখেই গ্রহণযোগ্য হবে না।"
তবে যুদ্ধাপরাধীর মতো মানবতাবিরোধী অপরাধের বিচারেও বিএনপির আপত্তি নেই বলে জানান মহাসচিব।
তিনি বলেন, "প্রকৃত যুদ্ধাপরাধীর বিচারে কখনো কেউ বিরোধিতা করেনি। সব সময় বলা হয়েছে, বিচার যেন স্বচ্ছ হয়, বিষয়টির রাজনীতিকরণ যেন না হয়।"
সরকার পানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট আড়াল করতে য্দ্ধুাপরাধীদের বিচারের কথা বলছে বলে সন্দেহ পোষণ করছেন দেলোয়ার।
তিনি বলেন, "মন্ত্রীরা যুদ্ধাপরাধীর নাম ও তালিকা ঘোষণা করে সে তালিকা এয়ারপোর্ট ও সীমান্ত চেকপোস্টে পাঠানো হয়েছে বলে ঘোষণা করেছেন। আবার এখন আইনমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী বলছেন, সরকারের কাছে কোনো অপরাধীর তালিকা নেই। জনগণ এসব দেখে-শুনে বিভ্রান্ত ও সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েছে।"
যুদ্ধাপরাধীদের বিচারের পরিবর্তে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সহ দপ্তর সম্পাদক শামীমুুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন, আবদুল লতিফ জনি, মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক ওয়াহিদা ফেরদৌস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24