২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন পত্রিকা পড়ে

জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর দেশ ত্যাগের খবর পত্রিকা পড়ে জেনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, এরপর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 08:42 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর দেশ ত্যাগের খবর পত্রিকা পড়ে জেনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, এরপর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বৃহস্পতিবার বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করে সরকার। এর একদিন আগেই শাহজালাল বিমানবন্দর দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মীর কাশেম বিদেশ যান বলে সংবাদপত্রে খবর ছাপা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন ইসলামী ছাত্র সংঘ নেতা (ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন) মীর কাশেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালাতে দেওয়া হবে না। তাদের দেশ ত্যাগে 'নিষেধাজ্ঞা' আছে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু এ সবের মধ্যেই মীর কাশেমের বিদেশ যাওয়ার বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে তার কার্যালয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "খবরটি আমি পত্রিকা পড়ে জেনেছি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" "বিষয়টি তদন্ত করে তবেই আমি বলতে পারবো তার (মীর কাশেম) অবস্থান দেশে, না বিদেশে", বলেন তিনি। মীর কাশেমের বিদেশ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম রোববার সাংবাদিকদের বলেন, কেউ পালিয়ে গেলেও রক্ষা পাবে না। চিহ্নিত যুদ্ধাপরাধীদের কোনো তালিকা বিমানবন্দরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাওয়া হলে সাহারা বলেন, "তালিকার বিষয়ে আমি কিছু বলবো না। মন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো তালিকা পাঠান না।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেন সাহারা। এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, ৫০৬ কোটি টাকা ব্যয়ে মন্ত্রণালয়ের নয়টি অধিদপ্তরের ৩১টি প্রকল্পের ৪২ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪২৪ ঘ.