ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চারদিনব্যাপী কংগ্রেস শুরু হবে আগামী ১ এপ্রিল।
শনিবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের বিভিন্ন দিক তুলে ধরে দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গোপন ব্যালটে তারা নেতৃত্ব নির্বাচন করবেন।
রাশেদ খান মেনন নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভেঙ্গে গড়া এ দলটির কংগ্রেসের স্লোগান হচ্ছে- 'সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনীকদের জোট-মহাজোট প্রত্যাখ্যান করুন, মুক্তিকামী মেহনতি জনতার বিপ্লবী জোট গড়ে তুলুন'।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ এপ্রিল বিকালে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান হবে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কর্ম অধিবেশনগুলো হবে পুরানা পল্টনে মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ তাজুল মিলনায়তনে।
বাংলাদেশের বিভিন্ন কমিউনিস্ট দলসহ ভারতের কমিউনিস্ট পার্টি (এমএল-লিবারেশন) এবং নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল) এর প্রতিনিধিরা কংগ্রেসে যোগ দেবেন বলে সাইফুল জানান।
তিনি জানান, কংগ্রেসের আগেই দলের ৩১ জেলায় সম্মেলন হয়েছে। বাকি জেলার সম্মেলন হবে কংগ্রেসের পর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরোর সদস্য নাসিরউদ্দিন আহমেদ নাসু, কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান প্রমুখ।
২০০৪ সালে বিপ্লবী ওয়ার্কার্স পাটি গঠিত হওয়ার পর ২০০৫ সালের দলটির কংগ্রেস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৬ ঘ.
bdnews24