ময়মনসিংহ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের কয়েকটি দোকানে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় তারা।
আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর হোসেন, পুলিশের হাবিলদার আকতার ও কনস্টেবল জয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অপর আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কয়েকজন নেতা বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কে আর মার্কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের আয়োজন করে।
ওই অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি।
রাত ৮টার দিকে প্রক্টর ড. শামসুদ্দিন আহমেদ কে আর মার্কেটে গিয়ে আয়োজকদের কাছে অনুমতি ছাড়া অনুষ্ঠান করার কারণ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বাকৃবি প্রশাসনের লোকজনের উপর হামলা চালায়।
খবর পেয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে দু'গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কে আর মার্কেটের বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24