ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ খাতে গত বিএনপি-জামায়াত জোট সরকারের নেওয়া কোনো প্রকল্পই এই সরকার বাতিল করেনি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, গত জোট সরকারের বাতিল করা কাজগুলোও বর্তমান সরকার করছে।
রাজধানীর যানজট নিরসনে ছয়টি রেলক্রসিংয়ের ওপর ওভারপাস নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, "ঢাকা শহরের যানজট কমানোর জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সায়েদাবাদ, জুরাইন, মালিবাগ ও এফডিসি রেলক্রসিংয়ের ওপর চারটি ওভারপাস নির্মাণের জন্য প্রণয়ন ডিপিপি অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। তাছাড়া মগবাজার রেলক্রসিংয়ে জাইকা এবং বনানীতে সেনাবাহিনী ওভারপাস নির্মাণ করবে।"
তিনি জানান, প্রকল্পটির প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন আছে এবং শিগরিই তা অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে।
সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানির আরেক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকার ওপর এলিভেটেড এক্্রপ্রেস ওয়ে নির্মাণের জন্য চলতি মাসের চার তারিখে সরকার নয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রস্তাব পেয়েছে।
সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভৈরব সেতুর নাম পরিবর্তন করে তা চার জাতীয় নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের নামে করা হবে।
চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সঙ্গে মংলা বন্দরের রেল সংযোগ নিয়ে সরকার চিন্তা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৫৩ ঘ.
bdnews24