ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আরো মামলা হয়েছে।
এর মধ্যে অন্যান্য জেলার মামলাগুলো বিচারক আমলে নিলেও ফেনীর মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সজীব ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন নিজের গুলশানের বাড়িতে সংবাদ ব্রিফিংয়েও তিনি একই অভিযোগ করে তদন্ত দাবি করেন।
এ ঘটনায় সোমবার শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে করা মামলায় ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে একই অভিযোগে ওইদিন আরো একটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আমির উদ্দিনের আদালতে ফারুকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।
মামলার বাদি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল।
আগামী ১৫ এপ্রিল জয়নুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাদি সফিউল আলম চৌধুরী নাদেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত জোট সরকারের আমলে হাওয়া ভবনের নিয়ন্ত্রণে সারাদেশে যে অত্যাচার, লুটপাট ও নির্যাতন হয়েছিল তা ঢাকতে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে।
তিনি বলেন, "ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপপ্রচার করতে না পারে তার প্রতিকার চেয়ে মামলা করেছি। আশা করি আদালতে সুবিচার পাবো।"
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. ইয়াসির আরাফাতের আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুসেন শীল।
বিচারক মামলাটি তার এখতিয়ার বহির্ভূত বলে আমলে না নিয়ে খারিজ করে দেন।
আদেশে তিনি বলেন, সংবাদ সম্মেলন হয়েছে ঢাকায়। এর সংবাদ যে পত্রিকায় প্রকাশিত হয়েছে তাও ঢাকার। সে কারণে অভিযোগটি তার (বিচারকের) এখতিয়ারের মধ্যে পড়ে না।
এ ছাড়া এ বিষয়ে সংক্ষুব্ধ হলে সজীব ওয়াজেদ জয়ই হতে পারেন। তাই অভিযোগটি আমলে নেওয়া যায় না।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে ফারুকের বিরুদ্ধে মামলাটি করেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য নাঈম শাহরিয়ার পিউ।
বিচারক মনসুর আলম মামলাটি আমলে নিয়ে আগামী ১৩ মে জয়নুল আবদিন ফারুককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়, সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যাচার করে বিরোধীদলীয় প্রধান হুইপ প্রধানমন্ত্রীর ছেলের ১০ হাজার কোটি টাকার মানহানি করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম।
বিচারক অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য পঞ্চগড় সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগামী ১৯ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলার আবেদনে বলা হয়, বিরোধীদলীয় প্রধান হুইপ সজীব ওয়াজেদ সম্পর্কে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য দেওয়ায় তার মর্যাদা ক্ষুণ
bdnews24