২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে করণীয় ঠিক করবেন মান্নান ভূঁইয়া

পূর্ণ সুস্থ হয়ে নিজের রাজনৈতিক অবস্থান ঠিক করবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 12:51 PM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণ সুস্থ হয়ে নিজের রাজনৈতিক অবস্থান ঠিক করবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া। সোমবার বিকালে নরসিংদীর শিবপুরে স্থানীয় কর্মী-সমর্থকদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি বলেন, ''আগামী মাসে সিঙ্গাপুরে আমার একটি অস্ত্রোপচার হবে। এরপর সুস্থ হয়ে দেশে ফিরে আপনাদের সঙ্গে নিয়ে আমার রাজনৈতিক কর্মপন্থা ঠিক করবো।'' মান্নান ভূঁইয়া এক মাসের চিকিৎসা শেষে গত ৭ মার্চ দেশে ফিরেন। তার ফুসফুসে জটিলতাজনিত রোগের চিকিৎসা হয় সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে। শিবপুর পাইলট স্কুলমাঠে স্থানীয় কর্মী ও সমর্থকদের উদ্যোগে মান্নান ভূঁইয়ার আশু আরোগ্যলাভে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন হয়। রাজনৈতিক প্রতিহিংসার মতো কোনো ঘটনা যাতে শিবপুরে না ঘটে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন মান্নান ভুঁইয়া। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মহাসচিব ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আখতার, আওয়ামী লীগের থানা সভাপতি হারুন অর রশিদ খান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কামান্ডার আবদুর রশিদ মোল্লা, শিবপুর থানা কমান্ডার তাজুল ইসলাম খান ঝিনুক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে চক্রদা'র আরফিুল ইসলাম মৃধা, জোশড'র তোফাজ্জল হোসেন, জয়পুরের মঞ্জুর হোসেন, বাগাব'র মতিউর রহমান, আইয়ুবপুরের আবু তাহের, পুটিয়ার সাইফুল ইসলাম, সাদাড়চরের মোশেদ আলম, দুলালপুরের মো. মঞ্জিল হোসেন প্রমুখ বক্তব্য দেন। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভুঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে খালেদা জিয়া মান্নান ভুঁইয়াকে দল থেকে বহিস্কার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪০ ঘ.