২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন জয়নাল ফারুক

নিরাপত্তা চেয়ে গুলশান থানায় একটি জিডি করেছেন বিএনপি নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 05:54 PM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ঢাকা মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা চেয়ে গুলশান থানায় একটি জিডি করেছেন বিএনপি নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। শুক্রবার রাত ১১টার দিকে তিনি এই জিডি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক তুহিন হোসেন। ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্রমাগত হুমকির কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এ বিষয়টি জানিয়ে গুলশান থানায় একটি জিডি করেছি।" তার আইনজীবী নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলীয় চিফ হুইপকে দুপুর ২টার পর থেকে কয়েকবার গুলশান-২ এর বাসার ল্যান্ডফোনে ফোন করে তাকে ও পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ছেলে জয়ের (সজীব আহমেদ ওয়াজেদ) বিরুদ্ধে প্রেস ব্রিফিং করার জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া হবে বলে তারা হুমকি দেয়। বৃহস্পতিবার জয়নাল আবদীন ফারুক জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে একটি সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টি তদন্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। জয়নাল ফারুককে 'হুমকি' দেওয়ার প্রতিবাদে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার সকালে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসআইটি/জিএনএ/২৩৫০ ঘ.