রাজশাহী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন খুনের ঘটনায় গ্রেপ্তার করা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা ইকরাম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর হাকিম জিয়াউর রহমানের তিনি ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন।
সন্ধ্যা পৌনে ৬টা থেকে প্রায় এক ঘণ্টা জবানবন্দি দেওয়ার পর হাকিমের খাস কামরায় যান শিবির নেতা ইকরামের আইনজীবী আবু রায়হান আল বেরুনী মিনহাজ।
বিচারকের কক্ষ থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জবানবন্দি লিপিবদ্ধ করার আগে নিয়ম অনুযায়ী ইকরামকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়নি।
কিন্তু স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে দুপুরে আদালতে নেওয়া হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) হুমায়ুন কবির।
গত রোববার বিকালে ঢাকার ধামরাই উপজেলার একটি মেস থেকে ফারুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও রাবির সৈয়দ আমীর আলী হল শাখা শিবিরের সভাপতি ইকরামকে আটক করে র্যাব।
পরদিন বিকালে ঢাকার র্যাব কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়।
ইকরাম সাংবাদিকদের জানান, ঘটনার দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি শামছুল আলম গোলাপের নির্দেশে তারা পাঁচটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন হলে একযোগে হামলা চালায়।
হামলার পুরো সময় গোলাপ মোবাইল ফোনে শিবির ও জামায়াতে ইসলামীর একাধিক কেন্দ্রীয় নেতার কাছ থেকে কিছুক্ষণ পরপর পরামর্শ নিচ্ছিলেন। পরে গোলাপ এবং তিনিসহ কয়েকজন জামায়াতের স্থানীয় নেতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মরত কাটাখালীর হামিমের বাসায় আশ্রয় নেন।
ইকরাম আরো জানান, হামিমের বাসায় অবস্থানকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির নেতা শিহাবের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পারেন এসএম হল ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনিসের রডের আঘাতে ফারুকের মৃত্যু হয়েছে। এর পরই আনিসসহ এসএম হল ছাত্র শিবিরের বর্তমান সভাপতি আহাদ ও সেক্রেটারি বাপ্পী, শিবির নেতা শিহাব, প্রশিক্ষণ সম্পাদক সুমন গাজী ও এসএম হলের ছাত্র রাজুসহ কয়েকজন ফারুকের লাশটি ম্যানহোলে ফেলে দেয়।
ইকরামকে ওইদিনই রাজশাহীর মতিহার থানায় হস্তান্তর করা হয়।
বুধবার মতিহার থানা পুলিশ তাকে সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
গত ৮ ফেব্র"য়ারি রাতে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে এসএম হলের ছাত্র ফারুক খুন হন। পরদিন সকালে পাশের একটি ম্যানহোল থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা গেছেন।
এ ঘটনায় মতিহার থানায় করা ছয়টি মামলায় রাজশাহীতে শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24