ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের ৮৯ কার্যদিবসে খালেদা জিয়া সংসদে গেছেন চারদিন।
বৃহস্পতিবার সংসদে এই তথ্য জানিয়েছেন সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ।
রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে আব্দুস শহীদ বলেন, ''আমাদের বিরোধী দলের নেতা একদিকে সংসদ কার্যকর করা কথা বলেন, অন্যদিকে তিনি ৮৯ কর্মদিবসের মধ্যে সংসদে এসেছেন মাত্র চারদিন। এ থেকে বোঝা যায়, তারা সংসদকে কার্যকর করতে চান কি না।''
গত বছরের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২৫ জানুয়ারি সংসদ অধিবেশন বসে। প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনদিন উপস্থিত ছিলেন।
টানা ওয়াকআউটের পর চতুর্থ অধিবেশনে গত ৭ জানুয়ারি তার নেতৃত্বেই বিরোধী দল সংসদে যোগ দেয়। এরপর থেকে এখন পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে অনুপস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24