২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি'র আরো ৫ সদস্যের রিমান্ড আবেদন

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর আরো পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 04:38 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

বাগেরহাট,মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম) - বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর আরো পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা হরিপদ বিশ্বাস সাতদিন হেফাজতে রেখে পাঁচ জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম আদালতে আবেদন জানান। হাকিম ইলিয়াস রহমান আগামী ১১ মার্চ শুনানির দিন ধার্য করেন। যাদের জন্য জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়েছে তারা হলেন- আনিসুজ্জামান, মো. কালিম মোল্লা, আবু তালেব, হাসান আলী মোল্লা ও হাফেজ মোহাম্মদ রাকিব হাসান। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলার সময় বাগেরহাটের বিভিন্ন স্থানে হামলার মামলায় এরা সবাই বাগেরহাট কারাগারে আছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হরিপদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের জনসভায় বোমা হামলার সঙ্গে জঙ্গি সংগঠনগুলো জড়িত থাকতে পারে। এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে বোমা হামলার ঘটনার সঙ্গে জেএমবির সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি মনে করছেন। তাই গত বৃহস্পতিবার এদের এই মামলায় আটক দেখানো হয়েছে। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান কলেজ মাঠে শেখ হেলালের নির্বাচনী জনসভায় পেতে রাখা বোমা বিস্ফোরণে নয়জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৩১ ঘ.