২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ-২৯ রিট আবেদনের রায় মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধবিমান কেনার দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর মঙ্গলবার রায় দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 12:19 PM

Updated : 24 Aug 2022, 07:22 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধবিমান কেনার দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর মঙ্গলবার রায় দেবে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করেন। অধুনা বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনায় দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুলনিশি জারি করে মামলার কার্যক্রম স্থগিত করে। রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানিতে শেখ হাসিনার পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুর্নীতি দমন ব্যুরোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/১৮১৩ ঘ.