ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই তা প্রত্যাহার করেছে ঢাকার হাকিম আদালত।
এ মামলায় উচ্চ আদালত থেকে তারেক জামিনে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদারের আদেশে বলা হয়।
তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে সকালে আবেদন করেন তার আইনজীবীরা।
তারা শুনানিতে বলেন, উচ্চ আদালতের আদেশে তারেক এ মামলায় জামিনে রয়েছেন। এছাড়া মামলার ওপরও স্থগিতাদেশ রয়েছে।
এ সংক্রান্ত হাইকোর্টের নথিপত্র তিনি উপস্থাপন করলে হাকিম মেহেদি হাসান বলেন, মামলার নথিপত্রে হাইকোর্টের আদেশের অনুলিপি সংযুক্ত ছিলো না।
"এ ক্ষেত্রে ভুল হতেই পারে; আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তা এখনো কার্যকর হয়নি", বলেন তিনি।
হাকিম আদালতের আদেশে এ মামলার বিচারিক কার্যক্রমও আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
২০০৭ সালের এপ্রিলে শাহবাগ থানায় দায়ের করা ওই মামলায় এ আদালতই সোমবার খালেদা জিয়ার বড় ছেলে তারেক, তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অপর পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও মঙ্গলবার প্রত্যাহার করা হয়।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের এপ্রিল মাসে খায়রুল বাশার নামে এক ব্যক্তি এ মামলাটি করেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৩ মার্চ তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ২০০৮ সালের সেপ্টম্বর মাসের প্রথম দিকে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
কর ফাঁকির অভিযোগে তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সোমবার একটি মামলা হলে সে মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে কোকো বর্তমানে থাইল্যান্ড রয়েছেন। স
bdnews24