ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগে 'অনুপ্রবেশকারীরা' সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িত জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি রোববার ঢাকার আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক বলেন, "ছাত্রলীগের প্রকৃত কর্মীরা সন্ত্রাস বা টেন্ডারবাজি করতে পারে না। ছাত্রলীগের মধ্যে কিছু দুষ্টকীট প্রবেশ করেছে। এদের খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
এ মাসের শুরুতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয়। এছাড়া বিভিন্ন কলেজে ভর্তি কার্যক্রমে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ছাত্রলীগ তদারকির জন্য নানকসহ কয়েকজন নেতাকে আওয়ামী লীগ দায়িত্ব দিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কয়েকদিন আগে বলেন, ছাত্রলীগে জামায়াত সমর্থিত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের লোকজন ঢুকে পড়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী নানক রোববার আগারগাঁওয়ে সমবায় ভবন চত্বরে ১০ দিনব্যাপী সমবায় মেলা উদ্বোধন করেন।
তিনি বলেন, সমবায় অধিদপ্তর ও সমবায় ব্যাংককে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। তা সচল করার চেষ্টা চলছে। সমবায়ের মাধ্যমে 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সমবায় আইনও যুগোপযোগী করা হচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী সমবায় আন্দোলন জোরদার করতে নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান।
পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া বেগম ও সমবায়ী প্রতিষ্ঠান বেস্টওয়ে কো-অপারেটিভের সম্পাদক তানিয়া সুলতানা তানভি।
সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন এলাকার ৯৪টি সমিতি অংশ নিচ্ছে।
মেলায় সমিতিগুলো তাদের উৎপাদিত মৃৎশিল্প, হস্তশিল্প, তাঁতবস্ত্র, বুটিক ও বাটিক, রকমারি খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সেবা পদ্ধতি এবং তথ্য প্রযুক্তি জাতীয় সামগ্রী প্রদর্শন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24