ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের শক্ত অবস্থান রয়েছে, সেখান থেকে তাদের উৎখাতে চিরুণী অভিযানের 'নির্দেশ' দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
"শান্তিপ্রিয় মানুষের ওপর এ অভিযান নয়, যারা অপরাধী তাদের বিরুদ্ধে চিরুণী অভিযান চলবে", যোগ করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার পর বিভিন্ন মহল থেকে একাত্তরে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের দাবি তোলা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ দাবি 'ইতিবাচক'।
তিনি বলেন, "জামায়াত-শিবির যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। বিভিন্ন মহলের দাবি, তাদের (জামায়াত-শিবির) রগকাটা ও ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে জাতি অতিষ্ঠ হয়ে উঠেছে। তা প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই। তাদের অপতৎপরতা বন্ধ করতে হবে, তাদের মূলোৎপাটন করা হবে।"
গত মঙ্গলবার রাজশাহীতে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন ছাত্র শিবিরের হামলায় নিহত হয় বলে পুলিশ জানায়।
তবে এর এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হয়ে আবু বকর সিদ্দিক নামে এক শিক্ষার্থী পরে হাসপাতালে মারা যায়।
দেশে ছাত্র রাজনীতি কিংবা ধর্মভিত্তিক দল কোনোটিই নিষিদ্ধ না থাকায় কীসের ভিত্তিতে ছাত্র শিবির উৎখাতে অভিযান চালানোর 'নির্দেশ' দেওয়া হলো, তা স্পষ্ট করেননি টুকু।
ধর্মভিত্তিক দল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ দাবিকে এখন সার্বজনীন করা দরকার। আমার মনে হয়, বিষয়টি সে দিকেই যাচ্ছে। সংসদ সদস্য, বুদ্ধিজীবী, প্রগতিশীলদের পক্ষ থেকে এমন দাবি জোরালো হচ্ছে, এটা শুভ লক্ষণ।
"এ বিষয়ে সরকার কী করবে- তা জানতে পারবেন।"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে নয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এদের কোনো রাজনৈতিক মোটিভেশন ছিল কি না, কোথায় ও কী ধরনের অবহেলা করেছে, এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহেলা করেছে কিনা- তা বের করতে বিভাগীয় তদন্ত হচ্ছে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত ওই সভায় স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাব মহাপরিচালক মাহমুদ হাসান খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ার্ড কমিশনার, ব্যবসায়ী, ছাত্রসহ গত কয়েকদিনে কয়েকজন খুন হওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি 'ভালো' বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "এ সব খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। যে কোনো উপায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.
bdnews24