ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে পুলিশ তাদের হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ করতে হবে সতর্কতার সঙ্গে, তার ওপর কোনো ধরনের নির্যাতন চালানো যাবে না।
বাবরের স্ত্রীর একটি রিট আবেদনে হাইকোর্ট বৃহস্পতিবার এ আদেশ দিয়েছে।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি রইস উদ্দিনের বেঞ্চের দেওয়া আদেশে বলা হয়, বাবরকে রিমান্ডে নেওয়া যাবে। কিন্তু কোনো নির্যাতন করা যাবে না।
এক্ষেত্রে ২০০৩ সালে বিচারপতি হামিদুল হকের দেওয়া একটি নির্দেশনা পুলিশকে অনুসরণ করতে বলেছে আদালত।
শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। কারাবন্দি বাবরের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও মাহবুবউদ্দিন খোকন।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় গত ২ ফেব্র"য়ারি বাবরকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারিক আদালতে ১০ দিন পুলিশ হেফাজতের আবেদন জানান।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম মামলার তদন্ত করছেন।
একটি অস্ত্র মামলায় বাবরের ১৭ বছর সাজার আদেশ রয়েছে।
এছাড়া ২১ আগস্ট এর গ্রেনেড হামলার মামলায়ও পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৩১৩ ঘ.
bdnews24