চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ট্রানজিট চুক্তি বাতিল না হলে চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। আওয়ামী লীগ দেশের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। তারা চট্টগ্রাম ও মংলা বন্দরকে ভারতের হাতে তুলে দিতে চায়।
রোববার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নোমান বলেন, "চট্টগ্রাম বন্দরে দেশের আভ্যন্তরীণ আমদানী ও রফতানী কার্যক্রম পরিচালনার মতো উপযুক্ত অবকাঠামো নেই। যেখানে দেশের চাহিদা পূরণে বন্দর অবকাঠামোগতভাবে প্রস্তুত নয় সেখানে বিদেশীরা কীভাবে ব্যবহার করবে।"
তিনি বলেন, "ভারতকে ট্রানজিট দিলে চোরাচালান বৃদ্ধি পাবে । ফলে দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। অনুমান নির্ভর লাভের কথা বলে ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়া যাবে না।"
বিএনপির এই নেতা সরকারের সমালোচনা করে বলেন, গত এক বছরে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনী অঙ্গীকার পূরণের বদলে তারা বিএনপিকে দমন করতে ব্যস্ত ।
বিএনপি'র কেন্দ্রীয় সহ শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মো: ইনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক ড. সিদ্দিক আহমদ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/জিএনএ/২২৩৯ ঘ.
bdnews24