২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের ষড়যন্ত্র হলে আন্দোলন'

'৭২ এর সংবিধান পুনর্বহাল করে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 03:29 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭২ এর সংবিধান পুনর্বহাল করে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। এ ধরনের ষড়যন্ত্র হলে সারাদেশে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম গড়ে তোলার হুমকি দিয়ে তিনি বলেন, "বিশ্বের অনেক দেশে ধর্মভিত্তিক রাজনীতিক দল আছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক রাজনীতি দল থাকবে।" রোববার বিকেলে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিজামী এ কথা বলেন। তিনি বলেন, "ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের পাঁয়তারা করা হলে জামায়াত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। এতে জামায়াতের উপর আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।" নিজামী বলেন, "দেশে বর্তমানে দুঃশাসন চলছে। শেখ হাসিনা ভারত সফরে দেশ বিক্রি করে দিয়েছেন। ফারাক্কা বাঁধের কারণে দেশের অনেক নদী এখন মরানদীতে পরিণত হয়েছে। টিপইমুখ বাঁধ হলে দেশের নদ নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে।" তিনি আরো বলেন, "মহাজোট সরকার এক বছরে তিন হাজার মানুষ খুন করেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। অন্তত এক হাজার নারী ধর্ষিত হয়েছে।" এখন আন্দোলন ছাড়া আর কোন পথ খোলা নেই বলে মনে করেন তিনি। বর্তমান সরকারকে ভারতের তাবেদার আখ্যা দিয়ে নিজামী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান। মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। উত্তরাঞ্চলের ১৬ জেলার নেতাকর্মীরা এই জনসভায় অংশ নেন বলে আয়োজকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.