রংপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সদর উপজেলার পশুরাম ইউনিয়ন পরিষদ শাখা বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হককে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, একরামুল হক পশুরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। শুক্রবার সকালে বাসার কাছের একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ওদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান শামু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, একরামুল হক আগামী নির্বাচনে পশুরাম ইউপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
তিনি বলেন, "ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাকে খুন করেছে।"
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একরামুল হক বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে শহরের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
তিনি বলেন, "শুক্রবার সকালে বাড়ির কাছে আমশ্র" গ্রামে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।"
ওসি আরো জানান, একরামুল হককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৬১০ ঘ.
bdnews24