২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নেতার বিরুদ্ধে দুদকের মামলা মিথ্যা: বিএনপি

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলেছে বিএনপির সংসদীয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলেছে বিএনপির সংসদীয় দল। ওই তিন জনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত 'সংসদীয় কমিটির নামে দলীয় কমিটি' দিয়ে করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে সংসদীয় দলের পক্ষে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এ অভিযোগ করেন। তিনি বলেন, "জাতীয় সংসদের সংসদীয় কমিটি গঠনের নামে দলীয় কমিটি দিয়ে ওই তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। ওই প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিথ্যা মামলা দায়ের করেছে। এর মাধ্যমে সরকার বিএনপিকে জনগনের কাছে রাজনৈতিকভাবে হেয় করতে চায়।'' দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারে দাবিও জানান তিনি। দুদকের উপ পরিচালক গত মঙ্গলবার জমিরউদ্দিন সরকারসহ চার জনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় ৫টি মামলা দায়ের করেন। বিএনপির তিন নেতা ছাড়া অপরজন হলেন জাতীয় সংসদের তৎকালীন হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলাম। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিকালে এই সংবাদ ব্রিফিং হয়। জয়নুল আবদিন ফারুক সরকারের সমালোচনা করে বলেন, "তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংসদের পরিবেশ দূষিত করে বিরোধীদলকে বাইরে রেখে সংসদকে অকার্যকর করে রেখেছে। বিরোধী দল ছাড়াই বিভিন্ন আইন পাস করছে তারা।'' পুলিশি হেফাজতে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, "বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্মম নির্যাতন করা হয়েছে।'' একই সঙ্গে কারাবন্দি নেতা আ ন ম এহসানুল হক মিলন, আবদুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আরিফুল হকসহ সবার মুক্তির দাবিও করেন জয়নুল আবদিন ফারুক। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনারও নিন্দার জানান বিরোধী দলীয় প্রধান হুইপ। সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপি সাংসদ আবদুল মোমিন তালুকদার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হারুন অর রশীদ, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬১৯ ঘ.