২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ১২ দিন আগ থেকে ভ্রাম্যমাণ আদালত

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধ বিচারে ২৫৯ নির্বাচনী পৌরসভায় একজন করে বিচারিক হাকিম নিয়োগ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধ বিচারে ২৫৯ নির্বাচনী পৌরসভায় একজন করে বিচারিক হাকিম নিয়োগ হয়েছে। ভোটের ১২ দিন আগ থেকে তারা ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করবেন। দেশের দুশ ৫৯টি নির্বাচনী পৌরসভায় একজন করে বিচারিক হাকিমের পাশাপাশি সমান সংখ্যক নির্বাহী হাকিমও নিয়োগ দেওয়া হবে। ২৫৯ জন বিচার বিভাগীয় হাকিম বুধবার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. হেলাল চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আচরণ বিধিমালা মোবাইল কোর্ট অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি, খুলনা ও বরিশালের ৫০টি পৌরসভায় ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি, ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬০ পৌরসভায় ৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এবং আদালতের আদেশে পুনতফসিল করা ১৪ পৌরসভায় ১৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এসব কর্মকর্তারা নিয়োজিত থাকবেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি ২৫৯ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্মকর্তা বলেন, "নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিমরা জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডই দিতে পারবেন।" "নির্বাচনী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দিতে পারবেন বিচারিক হাকিমরা।" নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী ও বিচার বিভাগীয় হাকিমদের ১৩ দিনের জন্য দায়িত্ব পালন করবেন। সংস্থাপন মন্ত্রণালয় থেকে নির্বাহী হাকিমদের তালিকা পাওয়ার পর শিগগির তাদেরও নিয়োগ দেওয়া হবে। ১ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব নির্বাচনী এলাকায় নির্বাচনের পরদিন পর্যন্ত তারা নিয়োজিত থাকবেন। তবে বড় পৌরসভায় দুজন করেও নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হতে পারে বলে জানান হেলাল চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮১৬ ঘ.