ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার জন্য এইচএম এরশাদের বিচার হওয়া উচিত।
এ বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে কি না, তা সরকার তলিয়ে দেখবে বলে রায়ে প্রত্যাশা করা হয়েছে।
গত ২৬ অগাস্ট দেওয়া রায়ে সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় বুধবার প্রকাশ হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রায়ে স্বাক্ষর করেছেন।
রায়ে বলা হয়, ভবিষ্যতে যেন কোনো সামরিক শাসন জারির প্রচেষ্টা কেউ না করে তার জন্য অতীতে যারা সামরিক শাসন জারি করেছিলেন, তাদের বিচার হওয়া আবশ্যক।
ভবিষ্যতে সামরিক শাসন এড়াতে নির্ভুল আইন প্রণয়নের তাগিদও দিয়েছে আদালত।
রায়ে বলা হয়, "আমাদের দেশে প্রথম সামরিক শাসন জারি করেন জেনারেল জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক আহমেদ। জিয়া ক্ষমতা গ্রহণের পরে জয় বাংলা স্লোগান পরিবর্তন করে বাংলাদেশ জিন্দাবাদ করেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ বিমানের নাম পরিবর্তন করেন।"
সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ভাষণ দিয়েছিলেন, সে সব স্মৃতি মুছে ফেলার জন্য সেহরাওয়ার্দী উদ্যানকে জিয়াউর রহমানের সময় শিশু পার্কে পরিণত করা হয় বলে মনে করে আদালত।
রায়ে বলা হয়, জিয়া সংবিধানের মূল স্তম্ভ ভঙ্গ করেন, এরশাদ তার পথ অনুসরণ করে এই ভঙ্গ স্তম্ভ নিয়ে দেশ চালিয়ে গেছেন।
"আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেবো"- জিয়ার এ বক্তব্য উদ্ধৃত করে রায়ে বলা হয়, মোস্তাক-জিয়া চক্র সংবিধানকে নিু মর্যাদায় ঠেলে দিয়েছিলেন। এজন্য তারাও রাষ্ট্রদ্রোহিতার সমঅপরাধ করেছেন। এরশাদও তার ধারাবাহিকতা বজায় রেখে একই অপরাধে অপরাধী হয়েছেন।
সম্ভাব্য অচলাবস্থা পরিহার করার উদ্দেশ্যে ইতোপূর্বে সম্পন্ন হওয়া কিছু ঘটনা মার্জনা করা হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়।
আদালত রায়ে বলে, জিয়াউর রহমান মুখ্য রাজাকার শাহ আজিজুর রহমান ও কর্নেল মোস্তাফিজকে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে যথাক্রমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করে। স্বাধীনতার চেতনা নষ্ট করে ধর্ম নিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ সংবিধান থেকে উচ্ছেদ করেন। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে উচ্চ মর্যাদায় চাকরি দেন।
রায়ে আদালত বলে, যারা অবৈধভাবে ক্ষমতা গ্রহণের চেষ্টা করে তাদের মনে রাখা উচিত সুহার্তো, পিনোশে, ইদি আমিন, আইয়ুব, ইয়াহিয়া, জিয়াউল হক ও পারভেজ মোশাররফের ভাগ্যে কী ঘটেছিলো।
রায়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি উদ্ধৃতি দিয়ে আদালত বলে, স্বৈর শাসকদের ক্ষমা করা হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
যে সব বিচারপতি সামরিক শাসকদের পক্ষে অবস্থান নেন তারা অসদাচরণের অপরাধে অপরাধী, বলা হয় রায়ে।
বাঙালি জাতীয়তাবাদ যথাসময়ে সংবিধানে ফিরে আসবে উল্লেখ করে রায়ে বলা হয়, এটি ছিলো সমস্ত মানুষ ও বঙ্গবন্ধুর আকাক্সক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ।
সংবিধান সংশোধনী বিষয়ে আদালত রায়ে বলে, হাইকোর্ট কোনো আইন অবৈধ ঘোষণা করলে এমনিতেই তা বাতিল হয়ে যায়। এজন্য সংশোধনীর জন্য তা সংসদে উত্থাপন করার প্রয়োজন নেই। কারণ হাইকোর্ট আইন প্রণয়ন করে না বরং সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে তা বাতিল করে। এটি হাইকোর্টের চিরন্তন ক্ষমতা।
এরশাদের সময় সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত চট্টগ্রামের সিদ্দিক আহমেদ নামে এক ব্যক্তির রিট আবেদনে সপ্তম সংশোধনী অবৈধ বলে এ রায় দেওয়া হয়।
রিট আবেদনকারীর বিচারের বিষয়ে আদালত বলে, ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার তার অবশ্যই রয়েছে। সামরিক আদালত ক্যাঙ্গারু আদালত ছাড়া কিছুই নয়, কিন্তু কিছু জটিলতার কারণে রিট এখতিয়ারের মাধ্যমে তার প্রতিকার পাওয়া সম্ভব নয়। তাই তাকে প্রতিকারের জন্য অন্য এখতিয়ারে যেতে হবে।
আদালত সিদ্দিককে নিু আদালতে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছে।
পূর্ণাঙ্গ রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "ভবিষ্যতে যাতে সামরিক শাসন আসতে না পারে এ জন্য রায়ে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আদালত সামরিক শাসনকে কঠোরভাবে ভৎর্সনা করে বলেছেন, তারা জনবিরোধী ও দেশদ্রোহী কাজ করেছে।"
"পৃথিবীর বিভিন্ন দেশে যারা স্বৈরশাসক ছিলো, তাদের বিচার হয়েছে। আমাদের দেশে এ বিষয়টি সংসদ ও সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে", বলেন সরকারের প্রধান আইন কর্মকর্তা।
তিনি বলেন, "মোস্তাক জিয়ার সামরিক শাসনের ধারাবাহিকতায় এরশাদ সামরিক শাসন জারি করে। জিয়া মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করে আল বদর, রাজাকারদের পুনর্বাসিত করে। তাদেরকে রাজনীতির সুযোগ দেয়।"
"এরই ধারাবাহিকতায় এরশাদও রাজাকার, আল বদরদের রাজনীতির সুযোগ করে দেয়", আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির এরশাদ সম্পর্কে বলেন মাহবুবে আলম।
তিনি বলেন, যে জয় বাংলা স্লোগান নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিল এ রায়ের মাধ্যমে সে স্লোগান আবারো বহাল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেবি/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24